নির্বাচন বানচালের তৎপরতা মানে জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো: জোনায়েদ সাকি


গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আজকে যদি কেউ নির্বাচনকে বানচাল করার তৎপরতা করে, তার মানে এই মুহূর্তে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে।
আজ শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রামে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলন-জিএসএর মাথাল মিছিলের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
সারা দেশে গণসংহতি আন্দোলন-জিএসএর চলমান ‘মাথাল মিছিল’ কর্মসূচির ধারাবাহিকতায় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর জিএসএর যৌথ উদ্যোগে চট্টগ্রামে মাথাল মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর কাজীর দেউড়ীর মোড় থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি।
জিএসএর চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরুর সভাপতিত্বে ও নির্বাহী সমন্বয়কারী মোর্শেদ আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী; কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদ শিমুল; চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়কারী নাসির উদ্দীন তালুকদার, নির্বাহী সমন্বয়কারী জাহিদুল আলম আল জাহিদ; বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী বাবু; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতিকুল ইসলাম; জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের সমাজকর্মী কলি কায়েজ; সাবেক কেন্দ্রীয় নেতা ডা. অপূর্ব নাথ, মো. হারুণ, প্রকাশ মজুমদার, মানিক শাহাদাতসহ জিএসএর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র রক্ষা, সুষ্ঠু নির্বাচন এবং জনস্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে।





