নওগাঁয় বিএনপি নেতা মোজাম্মেল শাহ বহিষ্কার


নওগাঁর পোরশা উপজেলা বিএনপির এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়। সাময়িক বহিস্কৃত ওই নেতার নাম মোজাম্মেল শাহ চৌধুরী। তিনি পোরশা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
সাময়িক বহিষ্কারাদেশে বলা হয় দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আপনার দলীয় পদবী স্থগিতসহ দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বহিষ্কারের বিষয়টি এদিন দুপুরে মুঠোফোনে নিশ্চিত করে কারণটা চিঠিতে লেখা আছে বলে জানালেন সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
এ বিষয়ে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, সিনিয়র কোনো নেতার বিরুদ্ধে কখনই মিথ্যা প্রচারণা করিনি। এছাড়া দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করিনি। আমাকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিৎ ছিলো।জেলার নেতা হুট করে কিভাবে বহিষ্কার করলেন জানা নেই। এভাবে কাওকে বহিষ্কার করা হয়েছে কিনা সেটাও আমার জানা নেই।





