যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় বিমান হামলা ইসরায়েলের


যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দু’বার হামলা চালানো হয়। আলজাজিরার তথ্য অনুসারে, নতুন এই হামলায় এখন পর্যন্ত দুই ফিলিস্তিনি নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তবে ইসরায়েলের অভিযোগ, হামাসই প্রথমে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে, যার ফলে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ব্যবস্থা নিতে বাধ্য হয়।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের শুরুতে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী এ পর্যন্ত ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে ৩৮ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন।
এদিকে, হামাস অভিযোগ করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফাহ সীমান্ত খুলে না দিয়ে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছেন। হামাস জানায়, সীমান্ত বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন না। পাশাপাশি, ধ্বংসস্তূপের নিচে থাকা হতাহতদের উদ্ধার সরঞ্জাম ও মৃতদেহ শনাক্তে প্রয়োজনীয় দলও গাজায় ঢুকতে পারছে না।
নেতানিয়াহু জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফাহ সীমান্ত বন্ধ থাকবে। এর আগে কায়রোতে ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল, সীমান্তটি সোমবার খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল রাফাহ সীমান্ত পুনরায় খোলা এবং মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা, যার লক্ষ্য ছিল গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা।





