শিক্ষক নিয়োগে সিজিপিএ কমানো ও জবি শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার জন্য আবেদন জবি ছাত্রদলের


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান ও ব্যবসায় শিক্ষা অনুষদে ন্যূনতম সিজিপিএ মানদণ্ড পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা সুলতান মাহমুদ শুভ ও সাদমান সাম্যের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপাচার্য বরাবর এ সংক্রান্ত একটি আবেদন জমা দেওয়া হয়।
আবেদনে বলা হয়, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ৩.৮৫ নির্ধারণ করা হয়েছে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি। শিক্ষার্থীরা এই মানদণ্ড ইউজিসির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনঃনির্ধারণের আহ্বান জানান।
তারা আরও উল্লেখ করেন, বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে কর্মরত শিক্ষক সংখ্যা মাত্র নয়জন। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও গবেষণামুখী শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার প্রদান করলে তা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও হিসাববিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সুলতান মাহমুদ শুভ বলেন,“আমাদের এই দাবি শুধুমাত্র জবি শিক্ষার্থীদের জন্য নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণার পরিধি বাড়ানোর জন্য এটি একটি কার্যকর পদক্ষেপ।





