রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ


আতিকুর রহমান, রাবি: দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ক্যাম্পাসে এক উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের প্রচারণায় মুখরিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, বিভিন্ন একাডেমি ভবন সংলগ্ন সড়কগুলো থেকে শুরু করে আবাসিক হলগুলো পর্যন্ত। পোস্টার, লিফলেট, আর প্রার্থীদের সরাসরি প্রচারণা সব মিলিয়ে সৃষ্টি হয়েছে ভিন্নরকম এক প্রাণচাঞ্চল্য।
ভোটার শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রার্থীর পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ কেউ নানা অভিনব প্রচারণায় নজর কাড়ছেন।
ক্যাম্পাসজুড়ে এখন আলাদা এক আবহ। শিক্ষার্থীদের মতে, রাকসু নির্বাচন শুধু ভোট নয়, এটা একধরনের উৎসব, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি বেছে নেবেন।
প্রচারণার ভিন্ন ভিন্ন ধরনও নজর কাড়ছে। কোথাও দলীয়ভাবে লিফলেট বিতরণ হচ্ছে। আবার অনেক প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের জন্য উন্নত বাস সার্ভিস, স্বাস্থ্যসেবা, ক্যান্টিনে মানসম্মত খাবার, কিংবা ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির।
এই নির্বাচনে সহ – সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, সাধারণ সম্পাদক পদে (জিএস) ১৩ ও সহকারী সাধারণ সম্পাদক পদে ১৬ জন সবমিলিয়ে রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রার্থী লড়াই করবেন। এ ছাড়া প্রতিটি হল সংসদ নির্বাচনে ১৫টি পদে মোট ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। হল সংসদে ৩৯ টি পদে প্রার্থীরা বিজয় হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এছাড়াও ৩ টি পদ রয়েছে একেবারেই খালি।
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমাদের প্যানেল সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক। নারী শিক্ষার্থী, সংখ্যালঘু, সাংস্কৃতিক কর্মী, আহত জুলাইযোদ্ধা—সবাই আমাদের প্যানেলে রয়েছে। আমি নির্বাচিত হলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান—সবার ভিপি হবো। যে মেয়ে বা বোনটা পর্দা ছাড়া চলাফেরা করে, তারও ভাই হবো, আবার যে ধর্ম মেনে পর্দা করে তারও অধিকার রক্ষা করবো। শিবিরকে ঘিরে যে মিথ প্রচলিত ছিল, তা ভেঙে গেছে। এবার শিক্ষার্থীরাই আমাদের প্রতি আস্থা প্রকাশ করবেন তাদের ভোটের মাধ্যমে।’
ছাত্রদল প্যানেলের ভিপিপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বর্তমানে শাখা ছাত্রদল সহ-সভাপতি হিসেবে রয়েছেন। আবীর বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর ধরে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লড়াই করেছি। এবারও শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করব। শিক্ষা, বাসস্থান, খাদ্য, চিকিৎসা ও নারীদের সাইবার নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। সুষ্ঠু নির্বাচন হলে শিক্ষার্থীদের রায় আমরা মাথা পেতে নেব।’
দর্শন বিভাগের শিক্ষার্থী শ্রাবন্তী আজাদ রিমু বলেন, ‘রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক বড় প্রাপ্তি, দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । অনেক সিনিয়র, ব্যাচমেট বিভিন্ন পদে প্রার্থী হিসেবে যোগদান করেছে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার অঙ্গিকার নিয়ে। তারা ক্যাম্পাস জুড়ে ব্যালট পেপার বিতরণ করছে,সাধারণ শিক্ষার্থীরাও নির্বাচন নিয়ে অনেক উত্তেজিত, আমিও প্রথম বার রাকসু নির্বাচন পেয়ে অনেক আনন্দিত।আমার একান্ত চাওয়া যেন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়, যারা শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবে,যারা বিশ্ববিদ্যালয়কে এক অনন্য মাত্রায় নিয়ে যাবে।’
সব মিলিয়ে ২৫শে সেপ্টেম্বরের রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন এক উৎসবমুখর প্রাণের মেলা।





