কুষ্টিয়া

কুষ্টিয়া বাবা মায়ের কবরে দেশ বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের দাফন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশের খ্যাতনামা লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। বর্ষীয়ান এই শিল্পী ১৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দেশ বরেণ্য এই শিল্পীর মরদেহ রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে আনা হয়। সেখানে জানাযা নামাজ শেষে বাবা মায়ের কবরে দাফন সম্পন্ন করা হয়। ফরিদা পারভীনের শেষ ইচ্ছে ছিলো কুষ্টিয়ায় বাবা মায়ের কবরে দাফন করা।

এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান। তিনি বলেন, দেশের সংগীতাঙ্গনে তাঁর অনন্য অবদান স্মরণীয় থাকবে। এসময় লালন গবেষক ফরহাদ মজহার, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেনসহ হাজারো ভক্তবৃন্দ জানাজা নামাজে অংশ নেয়। এছাড়া বিভিন্ন সংস্কৃতি অঙ্গনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান স্বজন ও ভক্তরা।

তথ্য সূত্রে জানা গেছে, এর আগে রবিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও তাজকুনি পাড়া জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় তাঁর ফরিদা পারভীনের মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে শায়িত করা হয়। ফরিদা পারভীনকে শেষ বিদায় জানাতে এসেছিলেন দুর দুরান্ত থেকে ভক্তবৃন্দরা।

প্রসঙ্গত: ফরিদা পারভীন নাটোরের সিংড়ায় জন্মগ্রহন করলেও বাবার চাকুরির সুবাদে তার শৈশব ও কৈশরের বেশীর ভাগ সময় কেটেছে কুষ্টিয়ায়। তার হাত ধরেই বিশ্বদরবারে পরিচিতি পেয়েছে লালন সংগীত। যা তাকে এনে দিয়েছে শিল্পী হিসেবে সর্বোচ্চ খ্যাতি। এই গুনি শিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে যে ক্ষতি হলো তা অপূরনীয় বলছেন ভক্ত অনুরাগীরা।

এদিকে ফরিদা পারভিনের স্মৃতিচারনে লালন গবেষক ফরহাদ মজহার বলেন, লালন ও লালনের গানকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছেন ফরিদা পারভিন। সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান অপরিসীম।

উল্লেখ্য, ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীত, বিশেষত লালনগীতির প্রচারে অসামান্য অবদান রেখেছেন। ‘নিন্দার কাঁটা’, ‘তোমরা ভাবো কিসের সুখ’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’—এমন অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের।

এই বিভাগের আরও সংবাদ