আন্তর্জাতিক

ট্রাম্পের মিত্র চার্লি কার্ক হত্যায় আটক কে এই তরুণ?

যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

২২ বছর বয়সী টাইলার রবিনসনকে বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন কাউন্টি থেকে তার বাবা ও এক বন্ধুর সহায়তায় গ্রেপ্তার করা হয়। তিনি পরিবারের সঙ্গে ওই এলাকায় বসবাস করতেন, যা ইউটাহ রাজ্যের ওরেম শহর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে এবং জায়ন ন্যাশনাল পার্কের কাছাকাছি। রবিনসন মরমন সম্প্রদায়ের একটি ধর্মভিত্তিক পরিবার থেকে এসেছেন এবং তিন ভাইয়ের মধ্যে তিনি বড়।

শিক্ষাজীবনে তিনি ডিক্সি টেকনিক্যাল কলেজের ‘ইলেকট্রিক্যাল অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রামে’ তৃতীয় বর্ষে পড়ছিলেন। এর আগে ২০২১ সালে ইউটাহ স্টেট ইউনিভার্সিটিতে একটি সেমিস্টারে ভর্তি ছিলেন রবিনসন। এরপর তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যান এবং আর কখনও ফিরে আসেননি।

৩১ বছর বয়সী চার্লি কার্ক ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র সহপ্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ রক্ষণশীল যুব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বেশ ঘনিষ্ঠ ছিলেন ট্রাম্পেরও। গত বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।

ভিডিও ফুটেজে দেখা যায়, হঠাৎ তিনি মঞ্চে লুটিয়ে পড়েন এবং ঘাড় থেকে রক্ত ঝরতে থাকে। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিনসন একটি শক্তিশালী বোল্ট-অ্যাকশন রাইফেল ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী প্রায় ২০০ গজ দূরের একটি ভবনের ছাদ থেকে উপুড় হয়ে গুলি চালান।

এখনো হত্যার স্পষ্ট উদ্দেশ্য জানা যায়নি। তবে গভর্নর কক্স জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে রবিনসনের রাজনৈতিক মনোভাব দৃঢ় হয়েছিল এবং কার্কের কর্মসূচি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন। তবে তার রাজনৈতিক সংশ্লিষ্ট খুঁজে পাওয়া যায়নি। তিনি স্বতন্ত্র ভোটার হিসেবেও নিবন্ধিত ছিলেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা কার্তুজগুলোতে লেখা বার্তাগুলো তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। একটিতে লেখা ছিল- “ওই, ফ্যাসিবাদী! ধর!” আরেকটিতে ছিল- “বেল্লা চাও, বেল্লা চাও, বেল্লা চাও চাও চাও”—যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইতালীয় ফ্যাসিবাদবিরোধী গান। অন্য কয়েকটি কার্তুজে অনলাইন গেমিং সংস্কৃতির প্রতীকও পাওয়া গেছে।

এছাড়া কার্ককে হত্যার পেছনের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এফবিআই বলেছে, ২২ বছর বয়সী টাইলার রবিনসন গুলি চালানোর ঠিক একদিন আগে তার পরিবারকে বলেছিলেন, তিনি কার্ককে অপছন্দ করেন, কারণ কার্ক ‘ঘৃণা ছড়াতেন’।

চার্লি কার্ক তরুণদের মধ্যে রক্ষণশীল রাজনৈতিক অবস্থান জোরদার করার জন্য পরিচিত ছিলেন। গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে জাতিগত, লিঙ্গগত ও অস্ত্র মালিকানা বিষয়ে তার কঠোর অবস্থান তাকে রাজনৈতিকভাবে বিভাজনমূলক ব্যক্তিত্বে পরিণত করেছিল।

সূত্র: বিবিসি, সিএনএন

এই বিভাগের আরও সংবাদ