আপত্তিকর ভিডিও কেলেঙ্কারিতে চাকরি গেল বিএফআইইউ প্রধানের


আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের— বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।
এর আগে ভিডিও কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায় এবং কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করে। রবিবার অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটির সদস্যরা।
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের ভিডিও কেলেঙ্কারি তদন্তে সত্যতা, বহিষ্কারের সুপারিশ
গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনা শুরু হলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ গভর্নরের কাছে স্মারকলিপি দেন।
তাদের অভিযোগ, শাহীনুল রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। চলতি বছরের জানুয়ারিতে শাহীনুল ইসলাম নিয়োগ পান। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে তিনজনের নাম সুপারিশ করেছিল, সেই তালিকায় তার নাম ছিল না, তবুও তিনি নিয়োগপ্রাপ্ত হন।





