ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ সময় বৃদ্ধা শাশুড়িকেও মারধর করে আহত করেছে ঘাতক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী মো. বক্কার শেখকে (৪৩) আটক করেছে। নিহত মর্জিনা বেগম ফরিদপুর সদর উপজেলার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, বক্কার শেখ দীর্ঘদিন ধরে স্ত্রী মর্জিনার সঙ্গে ঝগড়া করতেন। মঙ্গলবার সকালেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মর্জিনা স্বামীকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেন। পরে বক্কার টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বটির আছাড় দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়।
হামলা ঠেকাতে গেলে বক্কার তার মা মেহেরুন বেগমকে (৬৫) পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে হত্যাকাণ্ডের পর ঘাতক বক্কার বাড়িতেই অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “পারিবারিক বিরোধের জেরে মর্জিনাকে হত্যা করেছে তার স্বামী বক্কার। তাকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”





