প্রবাসরাজনীতি

কবীর আহমেদ ভূঁইয়ার সিঙ্গাপুর আগমন উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বিএনপির সংগ্রামী রাজনীতির প্রতীক, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জনপ্রিয় নেতা ও জনগণের বিশ্বাসের প্রতীক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী, সমাজসেবক এবং ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া-এর সিঙ্গাপুর আগমন উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ (কসবা ও আখাউড়া), সিঙ্গাপুর শাখা। ২৮ জুন শনিবার রাত ৮টায় সিঙ্গাপুরের বাঙালি অধ্যুষিত এলাকায় অবস্থিত রয়েল রোডে ‘বাংলার স্বাদ’ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। তিনি তাঁর প্রাঞ্জল ও অনুপ্রেরণাদায়ক বক্তব্যে বলেন,  “প্রবাসে থেকেও আপনারা জাতীয়তাবাদী আদর্শে অবিচল থেকে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন, তা নিঃসন্দেহে গৌরবজনক। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আপনাদের এই প্রবাসী সংগ্রাম ও আন্তরিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শুধু বাংলাদেশের মাটিতে নয়, প্রবাসেও আপনারা শক্তভাবে সংগঠিত ছিলেন। আমাদের স্বপ্নের বাংলাদেশ গঠনে প্রবাসী নেতৃত্ব এক অমূল্য সম্পদ।”

সভায় সভাপতিত্ব করেন সরকার মোঃ ইকবাল, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, সিঙ্গাপুর।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি মোহাম্মদ সামসুর রহমান ফিলিপ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশরাফ খান রবিন, সিনিয়র সহ-সভাপতি, বিএনপি সিঙ্গাপুর এবং প্রধান উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদ।

বক্তব্যে আশরাফ খান রবিন বলেন: “আজকের এই সভা প্রমাণ করে যে কসবা-আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এক ও অভিন্ন। আমাদের প্রিয় নেতা কবীর আহমেদ ভূঁইয়ার আগমন প্রবাসী নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা এনে দিয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা ও আখাউড়া উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সিঙ্গাপুর প্রবাসী নেতৃবৃন্দ। সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচনের দাবী ও দলের ভবিষ্যৎ যে কোনো কার্যক্রমে প্রবাসী বিএনপি কর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তৃতা পর্ব শেষে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী নেতৃবৃন্দের পক্ষ থেকে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আন্তরিক, শৃঙ্খলাপূর্ণ ও সফল। এ সভার মধ্য দিয়ে প্রবাসে জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও শক্তিমত্তা নতুনভাবে প্রতিভাত হয়।

এই বিভাগের আরও সংবাদ