রাজনীতি

শাহবাগীদেরও বিচার করতে হবে: হেফাজত

ইসলামবিদ্বেষী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বুধবার (২৮ মে) এক বিবৃতিতে তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বলেন, শাহবাগীদেরও বিচার করতে হবে। তারা ছিল শাপলার গণহত্যার সমর্থক।

এই বিভাগের আরও সংবাদ

বিবৃতিতে মাওলানা আজিজুল হক দাবি করেন, ২০১৩ সালে ভারতীয় মদতপুষ্ট শাহবাগ আন্দোলন বাংলাদেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচার ধ্বংসে কাজ করেছিল। সে সময় রাষ্ট্রীয় মদতে হেফাজতের শান্তিপূর্ণ জমায়েতের ওপর গণহত্যা চালানো হয়, আর সেই হত্যাকাণ্ডে সমর্থন দিয়েছিল একদল ফ্যাসিস্ট শাহবাগী বাম ও সেক্যুলার গোষ্ঠী।

তিনি বলেন, শাপলা চত্বরের রাসূলপ্রেমিক তৌহিদি জনতার ওপর বর্বর হত্যাকাণ্ড চালিয়ে ইসলামবিদ্বেষী শক্তি নিজেদের মুখোশ উন্মোচন করেছে। সেই শক্তির নতুন আস্ফালনের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

হেফাজতের এই নেতা আরও বলেন, ২০১৩ সালের শাহবাগ চক্রান্তের বিরুদ্ধে জনগণের জাগরণ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেখানে ৮০ জনের বেশি মাদরাসা ছাত্র-শিক্ষক শাহাদতবরণ করেন এবং শেখ হাসিনার সরকার উৎখাত হয়। এই আন্দোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার হয়েছে।

একই সঙ্গে তিনি দেশের এক শীর্ষ রাজনৈতিক নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, আলেমদের ‘মৌলবাদী’ বলা ভারতের পুরাতন বয়ান। আমরা তার বক্তব্যে উদ্বিগ্ন। এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাই।

বিবৃতিতে সচিবালয়ে চলমান অস্থিরতা বন্ধে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ