

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খারাপ লোকের বুকে ভয় বেশি, আপনারা খারাপ লোকেদের অপকর্ম রুখে দিবেন। দেখবেন তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। যেমন পালিয়েছে শেখ হাসিনা।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে দিনাজপুরের হাকিমপুরে হিলি চালমাথা মোড়ে এক পথসভায় জনগণের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এ সময় হিলি স্থলবন্দর নিয়ে সারজিস বলেন, দেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি। যেখান থেকে শতশত কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার সেখানকার রাস্তাঘাটের বেহাল দশা। এখান থেকে বিগত ফ্যাসিস্ট সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে। কিন্তু উন্নয়নের নামে হিলিকে শোষণ করা হয়েছে। ১৭ বছর যারা উন্নয়নের কথা বলেছে তারা প্রকৃত পক্ষে উন্নয়নের প্রচার চালিয়েছে মাত্র। বাস্তবে তার চিত্র উল্টো, উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে তারা। যার বাস্তাব চিত্র দেশের দ্বিতীয় স্থলবন্দর এই হিলি স্থলবন্দর। এখানকার রাস্তাঘাটগুলো চলাচলের অনুপযোগী। নেই কোন উন্নয়নের ছোঁয়া। আমরা দেখতে চায় হিলি স্থলবন্দর এলাকা উন্নয়নের জন্য যেসব সরকারি বরাদ্দ হয়েছিল তা কিভাবে লুটপাট হয়েছে। সেই সঙ্গে দেখতে চায় কারা বন্দরে সিন্ডিকেট করে শ্রমিকের টাকা লুট করেছে।
তিনি আরও বলেন, একটা কথা মনে রাখতে হবে জীবন দিয়ে, রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। তারা আপনাদের সন্তানদের বয়সী কিংবা ভাইয়ের বয়সী। সেই বাংলাদেশ পারিচালনার জন্য একজন ভালো নেতার হাতে তুলে দিতে হবে। সে যে দলের হোক না কেন। প্রতীক বড় বিষয় নয়। ভালো নেতা দেখে ভোট দিতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। যুগ্ম মুখ্য সমন্বয়ক (চিকিৎসা) ডা. আব্দুল আহাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম আহব্বায়ক সানোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।
পথ সভায় সারজিস আলমকে হিলি রেলস্টেশনে ঢাকাগামী ট্রেন থামানো, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, হিলি স্থলবন্দর এলাকার রাস্তাঘাটগুলো সংস্কারসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী। এতে সমস্যগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
পথে সভা শেষে বিকেল সাড়ে চারটায় তিনি জেলার নবাগগঞ্জ উপজেলায় পথসভার উদ্দ্যেশ্যে রওনা দেন। এর আগে তিনি সকাল ১১ টায় জেলার ঘোড়াঘাট উপজেলার আজাদ মোড়ে পথ সভা করেন। সেখানে পথসভা শেষে এনসিপি ঘোড়াঘাট উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন।





