ক্রিকেট

ভারতে কখনো খেলার ইচ্ছে নেই পাকিস্তানি ওপেনারের

কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও অবনতি হয়েছে। ক্রিকেটে এমনিতে ২০১২ থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তাদের শুধুমাত্র আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রতিযোগিতায় মুখোমুখি হতে দেখা যায়।

এ বছর নারী ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতে। তবে পাকিস্তান খেলতে যাবে না। তাদের ম্যাচগুলি অন্য কোনো দেশে হবে। গত চ্যাম্পিয়নস ট্রফির আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আগামী কয়েক বছর ভারত এবং পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে যাবে না। কিন্তু পাকিস্তানের নারী দলের ওপেনার গুল ফিরোজা ভারতে কখনো খেলতে যেতেই রাজি নন। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলংকা বা দুবাইয়ে হবে।

এই বিভাগের আরও সংবাদ

সেই প্রসঙ্গে ফিরোজা বলেন, ‘আমরা এটা জানি ম্যাচগুলো এশিয়ার কোনো দেশেই খেলব। এটা পরিষ্কার যে আমরা ভারতে খেলব না। ভারতে খেলার কোনো ইচ্ছেও নেই। এশিয়ার সব দেশের পরিবেশ প্রায় একই রকম। বাছাইপর্বের খেলা ঘরের মাঠে ছিল। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। তাই এশিয়ার যে দেশেই খেলা হোক, আমরা তৈরি।’

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডও আইসিসিকে চিঠি দেওয়ার কথা ভাবছে বলে জানা গেছে। পেহেলগামে সশস্ত্র হামলার পর বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে চিঠি দিয়ে আর্জি জানানো হবে, যেন কোনো বিশ্বকাপেই আর পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে রাখা না হয়।

এই বিভাগের আরও সংবাদ