ভাষা শহিদদের স্মরণে ইবিতে ‘একুশ আমার অস্তিত্ব’ সংকলন উন্মোচন


ইবি প্রতিনিধি: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে শহিদদের স্মরণে রাখতে ‘একুশ আমার অস্তিত্ব’ শিরোনামে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার বিকেল ৫ টার দিকে বইমেলার শেষ দিনে ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ চত্বরে বইমেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মোড়কটি উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম সহ সংকলনের দায়িত্ব থাকা শিক্ষকবৃন্দ।
‘একুশ অস্তিত্ব আমার’ প্রকাশিত সংকলনের দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান জানান, ‘আজকে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে। তবে পুরোপুরি কাজ শেষ পর্যায়ে। প্রেসের কাজ শেষ হলে শিগগিরই সবার কাছে পৌঁছে দিতে পারবো।’
মোড়ক উন্মোচন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, একুশের দিকে আমরা বার বার ফিরে তাকাই তাহলে আমরা অস্তিত্ব খুঁজে পাই। আমরা সাধারণত বক্তব্য দিলে হয়তো মনোমুগ্ধকর হয়ে সাময়িক শুনবে কিন্তু সেটা যখন সংকলন হিসেবে থাকবে তখন মুছে যাবে না। ‘একুশ আমার অস্তিত্ব’ সংকলনের ব্যাপারে কারো দ্বিমত নাই। পরবর্তীতে আমরা যতবারই একুশ পালন করবো ততবারই একটি করে সংকলন প্রকাশ করা হবে। আমরা কাজ করে যাব আগামীর প্রজন্মের জন্য। তারা এসব সংকলন পড়বে, জানবে ইতিহাস।





