ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে ডিআইইউ শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

বায়েজিদ হুসাইন, ডিআইইউ প্রতিনিধিঃ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাধারণ শিক্ষার্থীরাও তাদের প্রাতিষ্ঠানিক কাঠামো ও পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছেন। ডিআইইউ শিক্ষার্থীদের ভাবনা ও ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন তরঙ্গ নিউজের প্রতিবেদক বায়েজিদ হুসাইন।

মত প্রকাশের স্বাধীনত চায় শিক্ষার্থীরা-
আমি মনে করি ক্যাম্পাস হলো শিক্ষার্থীদের দ্বিতীয় ঘর। এটি শুধু পড়াশোনার স্থান নয়, বরং শিক্ষার্থীদের মানসিক, সামাজিক, এবং রাজনৈতিক সচেতনতার বিকাশের ক্ষেত্র। একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমার স্বপ্নের ক্যাম্পাস হবে এমন একটি স্থান, যেখানে শিক্ষার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সচেতনতা চর্চার সুযোগ থাকবে। জ্ঞানার্জনের জন্য থাকবে আধুনিক শ্রেণিকক্ষ, গবেষণাগার এবং সমৃদ্ধ লাইব্রেরি। শিক্ষকদের সঙ্গে থাকবে শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি মনে করি আমার স্বপ্নের ক্যাম্পাসে শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করবে। অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ করার সুযোগ থাকবে। ক্যাম্পাস হবে মত প্রকাশের স্বাধীনতার স্থান। শিক্ষার্থীরা নিজেদের কণ্ঠ তুলে ধরতে পারবে ক্যাম্পাসভিত্তিক পত্রিকা, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে। আবার ক্যাম্পাসের প্রশাসন হবে নিরপেক্ষ। তারা শিক্ষার্থীদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করবে না। ক্যাম্পাসে রাজনৈতিক সচেতনতার চর্চা হলেও এটি কখনোই শিক্ষার ব্যাঘাত ঘটাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড হবে শান্তিপূর্ণ এবং সময়সীমার মধ্যে।শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না করে। ক্যাম্পাসে গণতন্ত্র ও নেতৃত্বের শিক্ষাও দেওয়া হবে। একজন শিক্ষার্থী হিসেবে আমার স্বপ্নের ক্যাম্পাস হবে এমন একটি স্থান, যেখানে শিক্ষার পাশাপাশি থাকবে রাজনৈতিক সচেতনতা, গণতান্ত্রিক মূল্যবোধ, মত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক দায়িত্ববোধের সমন্বয়। তবেই সেই ক্যাম্পাস হবে আদর্শ শিক্ষাঙ্গন।
(মেহেনুর রহমান, সাংগঠনিক সম্পাদক, ডিআইইউ বন্ধুসভা)

গবেষণা এবং আবাসন ব্যবস্থার উন্নয়ন-
আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যে ক্যাম্পাসে উচ্চশিক্ষার পাশাপাশি থাকবে গবেষণা, ডিবেটিং ও সাংস্কৃতিক কার্যক্রম। ক্যাম্পাসে থাকবে সুস্থ ধারার রাজনীতি, যে রাজনীতি হবে হবে না কোনো লেজুড়বৃত্তিক। এছাড়া থাকবে না কোনো তৈলাক্ততার সমাবেশ। ক্যাম্পাস হোক আধিপত্যবাদমুক্ত এবং সম্পূর্ণ স্বাধীন। এছাড়া আমার ক্যাম্পাসে চাই লাইব্রেরীর সংস্কার। এবং সংস্কারের পর তা গবেষণার জন্য উন্মুক্ত করে দিতে হবে। বাস সুবিধা বাড়াতে হবে। ক্লাসরুম হোক ইন্টারনেটে, ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টের ও ভালো পরিবেশে। শুধু তাই নয় ওয়াশরুম ব্যাবস্থার উন্নতি এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যাবস্থা থাকতে হবে। আবার আবাসন ব্যবস্থা (হল সমূহ) এর মান উন্নয়ন করা হোক। হল এবং ক্যান্টিনের খাবারের মান উন্নয়নসহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অনলাইন ব্যাংকিং সেবা চালু করা হোক। ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এসব দাবি পুরণের মাধ্যমে আমাদের স্বপ্নের ক্যাম্পাস স্বপ্নের মতোই গড়ে উঠুক এই প্রত্যাশা করি।
(মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক, ডিআইইউ ইইই ক্লাব)

আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন কর্মশালার আয়োজন-
ডিআইইউ শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, গবেষণার উন্নয়ন এবং সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে উন্নতি করতে পারে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শেখার সুযোগ বাড়ানো, ক্যাম্পাসে গবেষণাগার এবং ইনোভেশন সেন্টার তৈরি করা, বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ট্রেনিং ও কর্মশালা আয়োজন করলে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ তৈরি হবে। এছাড়া শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়ন এবং মানসম্পন্ন শিক্ষক নিয়োগও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ডিআইইউ আরো সফল ও আধুনিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে পারবে। আমি চাই এমনই হোক স্বপ্নের ক্যাম্পাস।
(হাসানাতুন রহমান পুণ্য, সভাপতি, থিয়েট্রন)

কর্মসংস্থান এবং পড়াশোনার সুস্থ পরিবেশ নিশ্চিতকরণ –
দেশ গড়ার মূল কারিগর হচ্ছে শিক্ষার্থীরা আর মানুষ তৈরির কারখানা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। এজন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে গড়ে তোলা প্রয়োজন। পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বেশি প্রয়োজন সততা ও ন্যায় পরায়ণতার শিক্ষা। আমি মনে করি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমস্যাগুলোকে গুরুত্বসহকারে পর্যাচলনা করা জরুরি। এবং যৌক্তিকভাবে তা সমাধান করা। এছাড়া পড়াশোনার সুস্থ পরিবেশ তৈরি করাও অতীব জরুরী। ক্যাম্পাসে প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় বেশি বেশি উৎসাহিত করা প্রয়োজন। এর বাহিরেও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা প্রয়োজন। আবার আমি মনে করি নিজের যোগ্যতায় ভালো শিক্ষার্থীদের নিজের ক্যাম্পাসেই প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া উচিত (শিক্ষক হিসেবে নিয়োগ অথবা অন্যান্য কর্মসংস্থানের সুযোগ)। সবমিলিয়ে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তাদের যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। আর এভাবে আমাদের ক্যাম্পাস যদি বাস্তবায়িত হয় তাহলে স্বপ্নের মতোই সুন্দর হবে।
(সাদিক মাহমুদ, সাধারণ সম্পাদক, ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব)

এই বিভাগের আরও সংবাদ