ইবির সেই হলের প্রবেশসীমা নিয়ে প্রভোস্ট কাউন্সিলের বিজ্ঞপ্তি


ইবি প্রতিনিধি: সম্প্রতি আলোচিত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা সংক্রান্ত নির্দেশনা শুধু শীতকালীন ছুটিতে বলবৎ থাকবে বলে নিশ্চিত করেছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলের প্রবেশসীমা নিয়ে স্পষ্ট বিবৃতির দেয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন অবকাশে যেহেতু শিক্ষার্থীদের সংখ্যা আবাসিক হলে খুবই কম, এই বিষয়টি মাথায় রেখে নিরাপত্তার স্বাথে’ প্রভোস্ট কাউন্সিল যে সিদ্ধান্তটি নিয়েছে তা শুধুমাত্র শীতকালীন ছুটি অর্থাৎ আগামী ২০২৫ সালের ৩রা জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
এবিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে শীতকালীন ছুটি শব্দটা না আসায় শিক্ষার্থীদের মাঝে ভুল বার্তা পৌঁছে যায়। আমাদের নজরে আসলে আমরা রাতে (২৫ ডিসেম্বর) জরুরি অনলাইন মিটিং করে বিষয়টা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি শিক্ষার্থীরা বিভ্রান্ত হবেন না।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর প্রভোস্ট কাউন্সিলের সাধারণ সভায় ছাত্র ও ছাত্রীদের হলে রাতে প্রবেশের সময়সীমা নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়, ছাত্রদের প্রতিটি হলে রাত ১১ (এগারো) টার মধ্যে শিক্ষার্থী প্রবেশ বাধ্যতামূলক। আর ছাত্রীদের হলে মাগরিবের আজান হওয়ার ১৫ (পনেরো) মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক।





