ইবিতে কবিতার মোহে ‘গোধূলি আসর’


রবিউল, ইবি প্রতিনিধিঃ শুদ্ধতার চর্চা ও কবিতার মোহে ‘গোধূলি আসর’ শীর্ষক কবিতা পাঠের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে উন্মুক্ত কবিতার আসর আয়োজন করে সংগঠনটি। এসময় কালজয়ী লেখক ও স্বরচিত কবিতা পাঠ করে তারা।
এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া জেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম এবং ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনের বিষয়ে সংগঠনটির সভাপতি গোলাম রাব্বানী বলেন, আমাদের উদ্দেশ্য নিজেদেরকে শুদ্ধ মানুষ হিসেবে একে অপরের কাছে উপস্থাপন করা। সমাজে সকলের মাঝে শুদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে নির্ভয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। আমি এখানে ৬ বছর দেখতেছি দিনের প্রোগ্রাম রাতে করা কতটা কঠিন ছিল। এখন উন্মুক্ত সাংস্কৃতিক চর্চা করার সুযোগ তৈরি হয়েছে। এটাই আমাদের জুলাই বিপ্লবের সফলতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই বিপ্লবের একটা অংশ ছিল কবিতা আবৃত্তি। আবৃত্তির মাধ্যমে আমাদের স্পিরিট ধরে রেখেছিলাম। এই আবৃত্তি আবৃত্তি সংগঠন সভাপতি নিজেও জুলাই বিপ্লবে সক্রিয় ছিল। ক্যাম্পাসের সকল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্ত চর্চা ও শুদ্ধতার চর্চা করুক।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলার এসিল্যান্ড রিফাতুল ইসলাম বলেন, একেকজনে একেকরকম ভাবে ভূমিকা রাখে, সবার উচিত নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আবৃত্তি আবৃত্তি সমাজের শুদ্ধতার বার্তা ছড়িয়ে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে আরও গ্রহণযোগ্যতা পাবে বলে আশাবাদী।





