ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দুই পদে নতুন নিয়োগ


ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুরুত্বপূর্ণ প্রশাসনিক দুই পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আইসিটি সেলের নতুন পরিচালক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী এবং প্রেস প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম।
বুধবার (২৩ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে এই পদে নিয়োগ দিয়েছেন।
অফিস আদেশে বলা হয়, আইসিটি সেলের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার-এর মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ার তদস্থলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী-কে আইসিটি সেলের পরিচালক হিসেবে ২২ অক্টোবর ২০২৪ থেকে এবং প্রেস প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন-এর মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় তদস্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম-কে ২১ অক্টোবর ২০২৪ থেকে আগামী ১ বছরের জন্য নিয়োগদান করেছেন উপাচার্য মহোদয়। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মফিজুল ইসলাম বলেন, নিয়োগের চিঠি হাতে পেয়েছি। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছ ও নিষ্ঠার সাথে কাজ করতে পারি যেন সবার সহযোগিতা কামনা করছি।





