শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, ভেসে উঠছে ধ্বংস স্তুপের চিত্র; মৃত্যু বেড়ে ১১


আরফান আলী, শেরপুর: শেরপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করেছে। তবে বন্যার পানি কমলেও বন্যার্তদের দুর্ভোগ বেড়েই চলেছে। আশ্রয়কেন্দ্র থেকে বন্যার্তরা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। কিন্তু বিধ্বস্ত ঘর-বাড়ির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে ।
এর মধ্যে গত সোমবার দুপুরে সদরের গাজীরখামার থেকে নালিতাবাড়ীর কলসপাড় এলাকায় নানাবাড়ি বেড়াতে এসে বন্যার পানিতে ডুবে জিনিয়া বেগম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় ৪ দিনে দুই নারী ও এক শিশুসহ ১১ জন মারা গেছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন। কিন্তু নগদ অর্থ এবং উপার্জনের অভাবে হিমশিম খাচ্ছেন তারা। সরকারি-বেসরকারি, ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা কামনা করেছেন তারা। অনেক এলাকায় জলাবদ্ধতা এবং বন্যার পানি নামারগতি ধীর হওয়ার কারণে গবাদি পশুসহ অনেকেই উঁচু রাস্তার ওপর আশ্রয় নিয়ে বাড়ি ফেরার প্রহর গুনছেন।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, পৌনে দুই লাখ কৃষকের প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবারের বন্যায়। বন্যায় শেরপুরে ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা। তিন হাজার মাছের ঘের ভেসে গিয়ে ক্ষতি হয়েছে প্রায় ত্রিশ কোটি টাকা। বন্যার কারণে জেলার ২৪২টি প্রাথমিক ও ৮৪টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা দিয়েছে প্রশাসন।
ঝিনাইগাতী উপজেলাতে পানি কমলেও এখনো ঘরে পানি রয়েছে শেরপুর সদর, শ্রীবরদী, নকলা ও নালিতাবাড়ীতে উপজেলাতে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন দপ্তর। তবে সব জায়গায় নৌকা না থাকায়, ত্রাণ সরবরাহে দেরি হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ে ভারী বৃষ্টি কিংবা উজানের ভারতীয় ঢল না নামলে নদ-নদীগুলোর পানি আরও কমবে এবং এক-দুই দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।





