বাসায় ফিরলেও ‘খালেদা জিয়া খুব সুস্থ নন’ : মির্জা ফখরুল


বাসায় ফিরলেও ‘খালেদা জিয়া খুব সুস্থ নন’ বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল (শুক্রবার) ওনার ট্যাম্পারেচার ছিল।
উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেওয়া হবে এ রকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং … মনে করছেন না। সে জন্য বিদেশে যেতে ওনার বিলম্ব হচ্ছে।’
এভারকেয়ার হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।
তাঁর মেডিক্যাল বোর্ড তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বাসায়।
অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।





