আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ


ইবি প্রতিনিধি:সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচার দাবি এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব ম্যুরালে অবস্থান নেন তারা।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের “আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসনের জবাব চাই। প্রশাসনের বিরুদ্ধে ডাইরেক্ট একশন। আমার ভাই আহত কেন, প্রশাসনের জবাব চাই। ভুয়া প্রশাসন, ভুয়া ভুয়া। আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চ্যাটার বাল। এক দফা এক দাবি, কোটা প্রথা কবে যাবি ” ইত্যাদি শ্লোগানে উত্তাল ইবি ক্যাম্পাস।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বলেন, গতকাল সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি বাধা ও হামলা করা হয়েছে। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে তাদের সনাক্ত করা হোক, সুষ্ঠু বিচার করা হোক। জনগণের ট্যাক্স নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালাবে এটা কখনও মেনে নিবে ছাত্র-সমাজ।
আজকে ছুটির দিন বলেই আমরা মহাসড়ক অবরোধ করছি না। সাধারণ মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে আজকে আমরা আমাদের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। যদি সরকার দাবি না মেনে নেয় তাহলে রবিবার সকাল থেকে সারাদেশের ছাত্রসমাজ একসাথে জবাব দিবে।
এছাড়াও শিক্ষার্থীরা বলেন, যারা এই যৌক্তিক দাবি জনদুর্ভোগের আখ্যা দিচ্ছে তাদের বলতে চাই, আমি কি এদেশের জনগণ না? আমাদের দাবি মানে বাবা-মার দাবি। সরকারকে যত দ্রুত সম্ভব দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি। যদি আমাদের সাথে অভিভাবকদের রাজপথে নামতে বাধ্য করা হয় তাহলে পরিণতি খারাপ হবে।
তারা আরও বলেন, আমাদের দাবি সরকারের কাছে। আমাদের দাবি যত তাড়াতাড়ি সরকার মেনে নিবে তত তাড়াতাড়ি ক্লাসে ফিরে যাবো। আমরা ক্লাস-পরীক্ষার জন্যই বিশ্ববিদ্যালয়ে এসেছি। সরকারের কাছে আমাদের অনুরোধ সরকার যেন দ্রুত দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে ফেরত পাঠায়।
প্রসঙ্গত, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলায় তিনজন সাংবাদিক সহ প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ বাহিনী। তারই প্রতিবাদ হিসেবে আজকে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।





