উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) আরও এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের অপর সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত সৈয়দ আমিন (৩৫) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ/৪ ব্লকের নাজির আহমেদের ছেলে। মঙ্গলবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার ক্যাম্প-৪ এর এ /৪ ব্লকে ব সৈয়দ আমিনকে একই ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা পিটিয়ে আহত করে। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরএসও’র সদস্য ছিলেন বলে কথিত রয়েছে।
ওসি মো. শামীম হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক আরএসও সদস্য এবং হামলাকারীরা আরসা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এরআগে সোমবার (১০ জুন) তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। তাদের মাঝে দুজন আরসার এবং একজন আরএসও’র সদস্য। গত একমাস ধরে রোহিঙ্গা ক্যাম্পে আরএসও ও আরসার সদস্যরা মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে সাধারণ রোহিঙ্গাদের জোরপূর্বক পাঠানোর জন্য বাধ্য করে আসছেন। এর জেরে আরএসও এবং আরসার সদস্যরা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টি করছেন। এ ঘটনার ক্ষোভ থেকে সাধারণ রোহিঙ্গারা এমন ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।



