গণমাধ্যম

বিচারের আগে মিডিয়া ট্রায়াল অমানবিক: আইজিপি

বিচারের আগে মিডিয়া ট্রায়ালকে অমানবিক বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। আজ রোববার দুপুরে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ আইনিভাবে বন্ধ থাকার কথা থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি। তবে এখন আগের চেয়ে অনেক কম হচ্ছে। বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ অমানবিক। তারপরও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আটক বা অভিযানের বিষয়গুলো এখনো ছড়িয়ে পড়ে। বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ পুরোপুরি বন্ধ করতে উদ্যোগ নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে জঙ্গিবাদ পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব না হলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পুলিশ সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বাহিনীপ্রধান। তিনি বলে, ‘জঙ্গিরা দেশের শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করার আগেই আমরা সেখানে অভিযান দিচ্ছি, তাদের গ্রেপ্তার করছি। দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত হওয়ায় বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে বিশেষ সাফল্য দেখাতে পেরেছে। পেশাদারিত্বের সঙ্গে দেশের নাগরিকদের সেবা দিয়ে আসছে পুলিশ।’

আইজিপি বলেন, যারা অনেক কাজ করে তাদের ভুলত্রুটি ও বেশি হয়। বাংলাদেশ পুলিশ যে কোনো উদ্দেশ্যমূলক ভুলত্রুটির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মাট পুলিশের প্রয়োজন হবে। আর এই স্মার্ট পুলিশ গড়ে তোলার জন্য আধুনিকায়নের কাজ চলছে। বাহিনীতে প্রশিক্ষণ ও পেশাদারিত্বকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশের মহাপরিদর্শক বলেন, পুলিশ বাহিনীতে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছ ও আধুনিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একইভাবে পুলিশ কর্মকর্তাদের পদনোন্নতিতের স্বচ্ছতা আনা হয়েছে। এ ক্ষেত্রে তাদের যোগ্যতা, দক্ষতা ও মেধাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ওই সময় তার সঙ্গে ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট সফরে আইজিপি পুলিশের বিভিন্ন ইউনিট, সুধিজন ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এই বিভাগের আরও সংবাদ