দেশের ইতিহাসে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ


দেশের ইতিহাসে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা এসব সলিড কোকেনের মূল্য প্রাায় ১০০ কোটি টাকা। আফ্রিকার দেশে মালাবি’র নাগরিক এক নারী ৮ কেজি ৩০০ গ্রামের কোকেনের এই চালানটি নিয়ে আসেন। গত বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোমথেনডাজো তাওয়েরা সোকো (৩৫) নামে মালাবির ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানায়, কোকেনের এই চালানটি আফ্রিকার দেশ মালাবি অথবা ইথিওপিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। চালানটি পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কারণ বাংলাদেশের বাজারে এই পরিমাণ কোকেনের চাহিদা নেই। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির ঢাকা মেট্রা উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ।
তিনি বলেন, কোকেন চোরাচালানের আন্তর্জাতিক সিন্ডিকেটের দেশি ও বিদেশি সক্রিয় কয়েকজন সদস্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে কোকেনের একটি বড় চালান নিয়ে আসতে চাচ্ছে। তারা আফ্রিকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যোগে আফ্রিকান নাগরিকের মাধ্যমে এ চালান ঢাকায় নিয়ে আসছে- এমন গোয়েন্দা তথ্য ছিল। এ তথ্যে নজারদারি বাড়ানো হয়। পরে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নং টার্মিনালের বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান করে। ফ্লাইটটি থেকে নামা সব বিদেশি যাত্রীকে আমরা অনুসরণ করি। গোয়েন্দা তথ্য মতে এরইমধ্যে সন্দেহভাজন নোমথেনডাজো তাওয়েরা সোকো নামে মালাবি থেকে এক নারী বিমানবন্দরের নিচ তলায় ভিসা অন অ্যারাইভাল ডেস্কে দীর্ঘক্ষণ ধরে অবস্থান করছেন। পর্যবেক্ষণ করে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন লাগেজে অবৈধ মাদকদ্রব্য কোকেন আছে। এরপর লাগেজের ভেতরে বিশেষভাবে রক্ষিত ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। তানভীর মমতাজ বলেন, নোমথেনডাজো তাওয়েরা সোকো আফ্রিকান দেশ মালাবি-এর নাগরিক। তিনি প্রথমে মালাবি থেকে ইথিওপিয়া যান। পরে তিনি ইথিওপিয়া থেকে কাতারের দোহায় যান। দোহা থেকে কাতারের এয়ারলাইন্সের কিউআর ৩৬৮ নম্বর ফ্লাইটে বাংলাদেশে আসেন। আগামী ৪ ফেব্রুয়ারি তার বাংলাদেশ থেকে আবারও মালাবি যাওয়ার কথা ছিল। কোকেনের চালানটি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হতো। আমাদের ধারণা করছি তাওয়েরা সোকো কোকেনের এই চালানটি মালাবি থেকে নয়তো ইথিওপিয়া থেকে সংগ্রহ করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোকো জানায়, ২০২৩ সালে তিনি গার্মেন্টস ব্যবসার কথা বলে বাংলাদেশে একবার এসেছিলেন। এবারও তিনি বাংলাদেশের একটি গার্মেন্টসের আমন্ত্রণপত্র নিয়ে আসেন। অন এ্যারাইভাল ভিসা নেওয়ার জন্য তিনি পরিচয় লুকিয়ে গার্মেন্টস ব্যবসার নাম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। তিনি পেশায় একজন নার্স। তিনি মূলত এই কোকেনে চালানের বহনকারী। বাংলাদেশে আরেক বিদেশি নাগরিকের কাছে এই চালান পৌঁছে দিয়ে তার নিজ দেশে চলে যাওয়ার কথা ছিল।
বাংলাদেশে সোকো কার কাছে কোকেন হস্তান্তর করতেন এমন প্রশ্নে জানতে ডিএনসি কর্মকর্তা বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশে অবস্থানরত কয়েকজন বিদেশি নাগরিকের কাছে এই কোকেন যাওয়ার কথা ছিল। আমরা একজন বিদেশিকে সন্দেহ করছি। তদন্তের স্বার্থে এ বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। আশা করি চক্রটিকে ধরতে পারব।
২০২৩ সালে গ্রেপ্তার সোকো কোকেনের চালান নিয়ে বাংলাদেশে এসেছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, তখন তিনি গার্মেন্টস ব্যবসার নাম করে এসেছিলেন। তিনি আসলে কেন এসেছিলেন সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। কোকেনের এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে বাংলাদেশের কেউ জড়িত আছে এমন অপর প্রশ্নে তিনি বলেন, কোকেনের চালানের সঙ্গে দেশি এবং বিদেশি চক্র জড়িত আছে। এই চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা করছি।





