ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী বহিস্কার

কুষ্টিয়া প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেডিকেল সেন্টারে ভাঙচুর ও নবীন এক ছাত্রকে র্যাগিংয়ের ঘটনায় এই শিক্ষার্থীদের মধ্যে একজনকে স্থায়ী ও ৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনায় আইন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্যকে স্থায়ী এবং র্যাগিংয়ের অভিযোগে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের হিশাম নাজির শুভ, একই বিভাগের মিজানুর রহমান ইমন, শাহরিয়ার হাসান, শেখ সালাউদ্দিন সাকিব ও সাদমান সাকিব আকিবকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ছাত্রশৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থী লিখিতভাবে র্যাগিংয়ের অভিযোগ করেন, তারই বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ৫ ছাত্রের বিরুদ্ধে। পরদিন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ৫ জনকে প্রথম বর্ষের ২য় সেমিস্টারের জন্য বহিষ্কার করে কর্তৃপক্ষ। গত ১৯ ডিসেম্বর ছাত্র শৃঙ্খলা কমিটির ১২তম সভায় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।
এদিকে, ২০২৩ সালের ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মেডিকেল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৫ জুলাই কাব্য নামের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি কর্তৃপক্ষ। কমিটিতে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনকে আহ্বায়ক করা হয়। কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় আইন বিভাগের শিক্ষার্থী কাব্যকে এবার স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
এর আগে ৫ নভেম্বর রেজওয়ানকে সাক্ষাৎকারের জন্য ডাকে কর্তৃপক্ষ, তবে তিনি উপস্থিত হননি। পরে ১৯ ডিসেম্বর ছাত্র শৃঙ্খলা কমিটির ১২তম সভায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ জানুয়ারি বুধবার বিকেলে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন।





