ক্যাম্পাস

জবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এইবার আওয়ামীপন্থী শিক্ষকরা দুইটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। অপরদিকে বিগত কয়েক বছরের মত এবারও নির্বাচন থেকে বিরত রয়েছেন বিএনপিপন্থী শিক্ষকরা। নির্বাচনে অংশ না নিলেও ভোট দিবেন সাদা দলের শিক্ষকরা। তাই আওয়ামীপন্থী শিক্ষকদের দুই প্যানেলের জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে সেই ভোটগুলো।

জবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমরা প্যানেল না দেওয়া এবং নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে শিক্ষকরা ভোট দিবেন নির্বাচনে। কারণ ভোটদান সবার ব্যক্তিগত বিষয়।

আজ সকাল ৯টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে ছয়টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে সভাপতি পদে একজন,সহ-সভাপতি পদে একজন,সাধারণ সম্পাদক পদে একজন,যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একজন, কোষাধ্যক্ষ পদে একজন এবং সাধারণ সদস্য পদে ১০ জন শিক্ষক নির্বাচিত হবেন। মোট ৬৬৭ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের দুইটি নীলদল, স্বাধীনতা শিক্ষক সমাজ এবং জয় বাংলা শিক্ষক সমাজ সহ মোট চারটি সংগঠন রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার বলেন, ইতিমধ্যেই সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি ঠিকঠাকভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কোন সমস্যা নেই।

এই বিভাগের আরও সংবাদ