বিশ্বকাপের সেরা স্মৃতির কথা জানালেন কামিন্স


ভারতকে কাঁদিয়ে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ফাইনালে ৬ উইকেটের বড় জয় পান প্যাট কামিন্সরা। চলমান অসরে এই অস্ট্রেলিয়ার অবশ্য শুরুটা হয়েছিল খুবই বাজে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেই হারের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয় বরণ করেন। তবে এরপরই অপ্রতিরোধ্য দলটি জিতে নিল টানা ৯ জয়। এরমধ্যে প্রোটিয়াদের অজিরা সেমিফাইনালে হারের স্বাদ দিয়ে প্রতিশোধ নেয়। এবার নিল ভারতের বিপক্ষে।
পঞ্চম অধিনায়ক হিসেবে হলুদ জার্সিতে ষষ্ঠবারের জন্য দেশকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন অস্ট্রেলিয়ার কামিন্স। যেখানে ওয়ানডে ক্রিকেটে ২০১১ সালে অভিষেক হওয়ার পর থেকে মাঠে অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন তিনি। তবে এবারের বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলিকে আউট করার পরে আহমেদাবাদের নীল জনসমুদ্রকে চুপ করিয়ে দেওয়াই ছিল তার কাছে ‘সবচেয়ে সুখের স্মৃতি’।
ম্যাচে ব্যাক অফ দ্য লেংথের একটি বল কভারের দিকে খেলতে গিয়ে ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয় বিরাটের। তিনি তখন ব্যাট করছিলেন ৫৪ রানে। কোহলি আউট হতেই মনে হয়েছিল ৯০,০০০-এর বেশি দর্শকের চিৎকার এক মুহূর্তে যেন ব্লটিং পেপার দিয়ে কেউ শুষে নিয়েছে।
কামিন্স বলেছেন, ‘আমাদেরও সেই গ্যালারির নীরবতা অনুভব করতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল। মনে হয়েছিল ফাইনালের মঞ্চ বিরাটের জন্য প্রস্তুত রয়েছে, অন্যান্য দিনের মতো ও রবিবারেও সেঞ্চুরি করবে। কিন্তু ও ব্যর্থ হওয়ায় আমরা খুশি হয়েছিলাম।’





