আন্তর্জাতিক

জিম্মিদের মুক্তি দিলে গাজায় মানবিক বিরতি, নেয়ানিয়াহুর শর্ত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধে মানবিক বিরতি বা যুদ্ধ বিরতির দাবি জানিয়ে আসছে বহু দেশ। তবে গাজায় মানবিক বিরতি দিতে শর্ত জুড়ে দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের মতে গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি দিলেই মানবিক বিরতি দেবে ইসরায়েল। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রিজেভ এই মন্তব্য করেছেন। খবর বিবিসি ও রয়টার্স।

তিনি বলেন, ‘ইসরায়েলের দিক থেকে যুদ্ধে বিরতি সংক্রান্ত যেকোনও চুক্তিতে জিম্মিদের মুক্তির বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।‘

বিবিসি জানায়, ইসরায়েল দাবি জানিয়েছিল রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটিকে হামাসের হাতে বন্দীদের সাথে দেখা করতে দেওয়ার জন্য কিন্তু এ দাবিতে হামাস এখনও সম্মত হয়নি। যার কারণে বিলম্বিত হচ্ছে গাজায় মানবিক বিরতি।

এদিকে গাজায় জ্বালানি প্রবেশের বিষয়ে মার্ক রিজেভ বিবিসিকে বলেছেন, ইসরায়েল গাজায় খাদ্য, ওষুধ এবং পানির সীমাহীন প্রবেশের বিষয়ে রাজি হয়েছে। তবে জ্বালানি অনেক বেশি সংবেদনশীল। একটি ভাল বিষয় হল যে জ্বালানি হাসপাতালের জেনারেটর সচল করতে পারে, কিন্তু এটি একই সাথে হামাসের সামরিক যানবাহনকেও সচল করতে পারে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেদিন প্রায় আড়াইশ জনের মত ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস।

এই বিভাগের আরও সংবাদ