আন্তর্জাতিক

হামাসের সব সদস্যকে মরতে হবে: নেতানিয়াহু

স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সব সদস্যকে মরতে হবে। তাদের মৃত্যু নিশ্চিত করবে ইসরাইল।

বুধবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। ইসরাইলের সংবাদমাধ্যমে নেতানিয়াহুর এ বিবৃতি প্রচার করা হয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার পর ফিলিস্তিনি সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল। এরপর এই প্রথম হামাসকে ‘পুরোপুরি নির্মূল’ করার কথা জানালেন নেতানিয়াহু।

বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘হামাস হলো দায়েশের (জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট) মতো। আমরা হামাসকে ধ্বংস করে ফেলব। যেমন করে বিশ্ব দায়েশকে ধ্বংস করে দিয়েছে।’

এর আগে গত সোমবার মধ্যপ্রাচ্যকে পালটে দেওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। সেদিন দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় স্থানীয় মেয়রদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, আমি আপনাদের ধৈর্যের সঙ্গে নিজেদের অবস্থানে অবিচল থাকার অনুরোধ করছি। কারণ আমরা মধ্যপ্রাচ্যকেই বদলে দিতে যাচ্ছি। আমরা এখন সমঝোতা করতে পারব না।

তিনি বলেন, হামাসের পরিণতি হবে কঠিন ও ভয়াবহ। এ তো কেবল শুরু…আমরা আপনাদের সঙ্গে রয়েছি এবং শক্তি, বিপুল শক্তি দিয়ে আমরা তাদের পরাজিত করব।

৭ অক্টোবর ইসরাইল ভূখণ্ডে রকেট হামলা চালায় হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের মতো রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি। ভেদ করে ইসরাইলের সুরক্ষাবলয়। শুধু তা-ই নয়, সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা।

হামাসের এই অভিযান হতবাক করেছে ইসরাইল ও তার মিত্রদের। সংঘাত ৬ষ্ঠ দিনের মতো চলছে। হামাস-ইসরাইল সংঘাতে এখন পর্যন্ত ১২০০ ফিলিস্তিনি ও ১২০০ ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ সহস্রাধিক মানুষ।

এই বিভাগের আরও সংবাদ