ইমরান খান গ্রেপ্তার


তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের একটি আদালত। এর কিছুক্ষণের মধ্যেই ইমরানকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে পাঞ্জাব পুলিশ ইমরান খানকে তার জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পিটিআই-এর পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেয়া হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের একটি আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে ১ লাখ রুপি অর্থদণ্ডও দিয়েছেন আদালত।
ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে পাকিস্তান নির্বাচন কমিশন। এ মামলায় ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।





