তুরস্কের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে নিজের পরিচয়পত্র হস্তান্তর করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে দেশটির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিনী রুনা মাহজাবিন আহমেদ এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশেদ ইকবাল এবং দ্বিতীয় সচিব ও দূতাবাসের প্রধান মো. রফিকুল ইসলাম।
পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ওউজহান এরতুরাল ও রাষ্ট্রচার প্রধান রাষ্ট্রদূত আহমতে জমেলি মরিওলু।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও অভিনন্দন জানান এরদোয়ান।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন এবং সৃষ্ট মানবিক সংকট সমাধানে তুরস্কের সরকার বাংলাদেশের পাশে থাকবে এমন প্রত্যাশা করেন রাষ্ট্রদূত এম আমানুল হক। এ ছাড়া তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল ও উচ্চপর্যায়ে উন্নীতকরণে দৃঢ় আশা প্রকাশ করেন তিনি।





