এক দফা কর্মসূচী ঘোষণার জন্য প্রস্তুত বিএনপি


এক দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচী ঘোষণা করতে আজ নিজ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি । আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা দলটি এবার বৃহত্তর গণ-আন্দোলনের ঘোষণা দেবে বলে জানায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ বুধবার (১২ জুলাই) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশ করবে দলটি। ইতোমধ্যে বিএনপি কার্যালয়ের সামনে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে।
আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হতে যাওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ দিয়ে অস্থায়ীভাবে সমাবেশের মঞ্চ তৈরি করেছে দলটি। দুপুর ১টার আগেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
মূল মঞ্চের পাশাপাশি নয়াপল্টন থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত অন্যপাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয়েছে মাইক। অন্যদিকে ফকিরাপুল মোড় থেকে পানি ট্যাংকি এবং পেট্রোল পাম্প পর্যন্ত লাগানো মাইক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুলে ফেলেছে বলে অভিযোগ রয়েছে বিএনপির।
সমাবেশে অংশ নিতে ভোর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের।
গতকাল ২৩ শর্তে বুধবার(১২জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সদর দপ্তর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অনুমতির এই চিঠি পাঠানো হয়। ডিএমপি কমিশনারের পক্ষে এতে স্বাক্ষর করেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগকেও ২৩ শর্তে শান্তি সমাবেশের জন্যে অনুমতি দিয়েছে ডিএমপি। একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আয়োজন করবে।





