টাঙ্গাইল

গোপালপুরে ঝিনাই নদীতে নিখোঁজ, একদিন পর ভাসানো অবস্থায় লাশ উদ্ধার

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ঈদের ছুটিতে বাড়ী এসে নিখোঁজের পরের দিন নদীতে মিললো সাদিয়া আক্তার (১৪) নামে এক ছাত্রীর লাশ। বুধবার (২৮জুন) সকাল সাড়ে ৮টার দিকে আলমনগর ইউনিয়নের নবগ্রাম ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এর আগে মঙ্গলবার দুপুরে বান্ধবীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। নিহত সাদিয়া নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

জানা যায়, পরিবারের সাথে ঈদ করতে সাদিয়া গ্রামের বাড়ী এসে বান্ধবীদের সাথে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা ও পরে গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা এসে মঙ্গলবার রাত অবধি নদীতে তল্লাসী চালায়। কোথাও তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে চলে যায় তারা। নিখোঁজের পরের দিন বুধবার সকালে সাদিয়ার মরদেহ নদীতে ভাসতে দেখা যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে যায়।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ