ফুটবল

এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপের ব্যাখ্যায় যা বললেন মার্তিনেজ

বিশ্বকাপ জয়ের পর থেকে একের পর এক বিতর্কিত কাণ্ডে জড়িয়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নাম। গোল্ডেন গ্লাভস জিতে উদযাপন কিংবা বিশ্বজয়ের ট্রফি নিয়ে দেশের ফেরার পর কিলিয়ান এমবাপ্পেকে বিদ্রুপ করেন। বুয়েনস এইরেসের রাজপথে ছাদখোলা বাসে একটি পুতুল হাতে দেখা যায় মার্তিনেজকে। সেই পুতুলের মুখে ছিল এমবাপ্পের মুখের ছবি। যার প্রতিবাদ জানিয়েছেন স্বয়ং ফরাসি ক্রীড়ামন্ত্রী। কথা বলতে হয়েছেন লিওনেল মেসিকেও। তবে মার্তিনেজের এমন আচরণের কারণ ছিল অজানা।

অবশেষে বিশ্বকাপের প্রায় দুই মাস পর মুখ খুলেছেন মার্তিনেজ। কেন এই বিদ্রুপ আচরণ করেছিলেন সেটা নিয়ে কথা বলেছেন। ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে নিয়ে করা মজার দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলে ‘দিবু’ নামে পরিচিত মার্তিনেজ।

এই বিভাগের আরও সংবাদ

আর্জেন্টাইন এই গোলরক্ষক বলেন, ‘আমি কাউকে আঘাত করতে চাইনি। ক্যারিয়ারজুড়ে আমি ফরাসিদের সঙ্গে বেড়ে উঠেছি। কখনো একটুও সমস্যা হয়নি। আপনারা অলিভিয়ের জিরুকে জিজ্ঞেস করতে পারেন আমি কেমন মানুষ। আমি সত্যিই ফরাসি সংস্কৃতি এবং মানসিকতাকে পছন্দ করি।’

লকার রুমে এমবাপ্পেকে নিয়ে ‘এক মিনিটের নীরবতা’র গান ধরার যুক্তি দিয়ে তিনি বলেছেন, ‘লকার রুমের ঘটনা কখনো বাইরে আসা উচিত নয়। তবু বলব, ২০১৮ বিশ্বকাপে আমাদের হারানোর পর ফ্রান্সও মেসিকে নিয়ে গান ধরেছিল। একইভাবে কেউ ব্রাজিলকে হারালে নেইমারকে নিয়ে গান ধরবে। এখানে এমবাপ্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। আমি তাকে অতিশয় সম্মান করি। আমরা যদি তাকে অথবা নেইমারকে নিয়ে গান ধরি, সেটা তারা সেরা খেলোয়াড় বলেই করি।’

আর্জেন্টিনায় ছাদখোলা বাসে ‘পুতুল এমবাপ্পে’ নিয়ে উদ্‌যাপনের বিষয়ে মার্তিনেজের বক্তব্য এ রকম, ‘ওই সময় মানুষ আমাদের দিকে প্রচুর পুতুল ছুড়ে মারছিল। পুরো পথে অন্তত এক শর মতো পুতুল এসেছে আমাদের কাছে। এর মধ্যে এমবাপ্পের মুখ লাগানো একটা পুতুল আমার পায়ের কাছে এসে পড়ে। দেখে হাসি আসায় ওটা আমি তুলে নিই। দুই সেকেন্ডের মতো আমার হাতে ছিল। এর পর ছুড়ে দিই। ঘটনা এটাই। এখানে এমবাপ্পেকে নিয়ে আমি মজা কীভাবে করলাম? সে তো আমার বিপক্ষে চারবার বল জালে পাঠিয়েছে। বিশ্বকাপ ফাইনালে চার গোল…আমাকে তো ওর মূর্তি ভাবার কথা। আবারও বলছি, আমি এমবাপ্পেকে অতিশয় সম্মান করি এবং এটাও বলে দিচ্ছি, আমার দেখা ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে সে–ই সেরা।’

২৪ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডই ভবিষ্যৎ ফুটবলের মহাতারকা উল্লেখ করে মার্তিনেজ বলেন, ‘ম্যাচের পর তাকে বলেছি, তুমি নিজের জন্য গর্বিত হতে পারো। মাথা উঁচু রাখো, তুমি দুর্দান্ত খেলেছ, তুমি বিশ্বসেরা খেলোয়াড়দের একজন। এটাও বলেছি, তোমার সঙ্গে খেলে আনন্দ পেয়েছি। একাই ফাইনাল জিতিয়ে ফেলছিল। ওর মুখোমুখি হয়ে বুঝেছি, সে খুবই প্রতিভাবান। সে অনেক অনেক ব্যালন ডি’অর জিতবে, তবে সেটা লিও ফুটবল ছাড়ার পরে।’

এই বিভাগের আরও সংবাদ