আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বুসকেতস


কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই গুঞ্জনটা উড়ছিলো ফুটবল অঙ্গনে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন স্প্যানিশ অধিনায়ক সের্জিও বুসকেতস। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী এ মিডফিল্ডার।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেন বুসকেতস।
বার্সেলোনার এই মিডফিল্ডার বলেন, এই ১৫ বছরে ১৪৩ ম্যাচের পর আমি ঘোষণা করতে চাই, জাতীয় দলকে বিদায় জানাচ্ছি।
ক্লাব ফুটবলেও খুব একটা স্বস্তিতে নেই বুসকেতস। একমাত্র ক্লাব বার্সেলোনায় খেলা এই ফুটবলারের চুক্তি শেষ হবে এই মৌসুমেও। তারপর কাতালানরা চুক্তি বাড়াবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গুঞ্জন শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন তিনি।
স্পেনের হয়ে এই পর্যন্ত ১৪৩ ম্যাচ খেলা বুসকেতস করেছেন ২ গোল। বিশ্বকাপে ১৭টি ম্যাচে দেশের হয়ে খেলেছেন। ২০১০ সালে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া জাতীয় দলের জার্সিতে ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।





