আগাম জামিন পেলেন বিএনপির ৬৩ নেতাকর্মী


বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় ৬৩ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন দেন।
বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ। তাদের সঙ্গে ছিলেন রুকনুজ্জামান সুজা, মো. মাকসুদ উল্লাহ, মো. সাগর হোসেন, রবিউল আলম, জিয়াউর রহমান প্রমুখ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খুলনায় গত ২২ অক্টোবর বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি। সমাবেশের দিন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৩ অক্টোবর দৌলতপুর থানায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। খুলনায় বিভাগীয় গণসমাবেশের দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ১২ জনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় গত ২৬ অক্টোবর আরও একটি মামলা হয়। ওই তিন মামলায় বিএনপির ৬৩ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।





