দ্রৌপদী মুরমু ভারতের রাষ্ট্রপতি হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের আনন্দ শোভাযাত্রা


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ ভ্রাতৃপ্রতীম দেশ ভারতের প্রথম আদিবাসী সম্প্রদায়ের নারী দ্রৌপদী মুরমু রাষ্ট্রপতি হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের আদিবাসী সম্প্রদায় অভিনন্দন ও সাগুন যোহার জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে।
মঙ্গলবার বেলা ১১টায় সাঁওতালরা তাদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র নিয়ে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের আয়োজনে সাঁওতাল লেখক ফোরাম, সাঁওতাল সমন্বয় পরিষদ, দিঘরী পরিষদ দি সান্তালস টাইমস ও চাঁপাইনবাবগঞ্জ সদর আদিবাসী সমাজকল্যাণ সমিতির সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের হুজরাপুর থেকে উৎসবমুখর পরিবেশে বের করা হয়।
মাদলের তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে এসে শেষ হয়। দৃষ্টিনন্দন শোভাযাত্রাটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শোভাযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, সাঁওতাল নেত্রী রুমালী হাসদা, আদিবাসী নেতা লুইস টুডু, ষ্টেফান টুডু প্রমূখ।
বক্তারা বলেন, সাঁওতাল নেত্রী দ্রৌপদী মুরমু ভ্রাতৃপ্রতীম দেশ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় বসবাসরত আদিবাসী সম্প্রদায়রা গর্বিত ও আনন্দিত। এর মধ্য দিয়ে সাঁওতালসহ পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় আরো উৎসাহিত ও সক্রিয় ভূমিকা পালন করবে। বক্তারা আরো বলেন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।





