বান্দরবানে বৃক্ষরোপণ অভিযান শুরু


রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ও রাস্তার সৌন্দর্য বর্ধনে বান্দরবানে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে সড়কের দুই পাশে ৫ হাজার চারা রোপণের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) সকালে বালাঘাটা বিক্রি ছড়া এলাকায় বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি।
এই সময় রাস্তার পাশে বেশ কিছু দুর্লভ বৃক্ষের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসক বলেন, এসব বৃক্ষ রক্ষণাবেক্ষণে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এলে কয়েক বছরের মধ্যে বান্দরবান ফুলে-ফলে-সবুজে শোভিত একটি অনন্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।
এছাড়া দেশীয় ফলের চাহিদা পূরণ এবং পর্যটন জেলা বান্দরবানের সার্বিক সৌন্দর্য বাড়ানোর কথা মাথায় রেখে এ কর্মসূচি নেয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পালপুড ডিভিশনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন ম্যাজিস্ট্রেটগণ, এনজিও কর্মী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।





