খেলাধুলাশীর্ষ নিউজ

মাশরাফীদের হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুললো আবাহনী

মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামার আগে শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকেই গেছিল ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। অপরদিকে শেখ জামালের হারে আবাহনীকে হারালেই শিরোপা স্বপ্ন বেশ ভালোভাবেই উঁকি দিত সাকিব-মাশরাফীর রূপগঞ্জের শিবিরে।

তবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে শিরোপা লড়াই বেশ ভালোভাবেই জমিয়ে তুললো মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। ডিপিএলে এখন শেখ জামাল ছাড়াও শিরোপার দৌড়ে থাকলো আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শিরোপার লড়াইয়ে ঢেড় এগিয়ে রয়েছে ইমরুলের শেখ জামাল। সামনের দুই ম্যাচের যেকোন একটি জিতলেই চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলতে পারবে দলটি।

অপরদিকে শিরোপা জিততে হলে সামনের দুই ম্যাচের কোনটিতেই হারা যাবে না আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের। যদি শেখ জামাল সামনের দুই ম্যাচেই হারে এবং আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ দুটো ম্যাচই জিতে। তবে তিন দলের সমান ১৮ পয়েন্ট করে হবে। সেক্ষেত্রে হেড টু হেডে জেতা দলই এগিয়ে যাবে শিরোপার দৌড়ে।

মিরপুরে এদিন ডু অর ডাই ম্যাচে সাকিব-মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮১ রানে হারিয়েছে আবাহনী। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৭৯ রান করেছে আকাশী-নীল জার্সিধারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতে নিয়েছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক।

মিরপুরে আবাহনীর পক্ষে ব্যাট হাতে নাজমুল শান্ত ও আফিফ হোসেন ধ্রুব ফিফটি হাঁকিয়েছেন। শান্ত ৮৬ রান করেন। জাতীয় দলের আরেক ব্যাটসম্যান আফিফ করেন ৬২ রান। শেষদিকে সাইফ উদ্দিন (অপরাজিত ৩০ রান) ও জাকের আলী অনিকের (৮ বলে ১৩ রান) ব্যাটিং ঝড়ে ভালো পুঁজি পায় আবাহনী।

লক্ষ্য তাড়া করতে নেমে একশ রান না তুলতেই ছয় ব্যাটসম্যানকে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচ থেকে ছিটকে যাওয়া মাশরাফীর দল আর খেলায় ফিরতে পারেনি। দলটির পক্ষে চিরাগ জনি ৪৮, সাব্বির রহমান ৩৮ ও তানভীর হায়দার ৩৬ রান করলে শেষ পর্যন্ত ১৯৮ রানে থামে লিজেন্ডস অব রূপগঞ্জ। আবাহনী অধিনায়ক মোসাদ্দেক ৪০ রানের খরচায় নেন ৪ উইকেট।

এই বিভাগের আরও সংবাদ