আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ঋণের বোঝা ও চরম অসহায়ত্বে তিন সন্তানকে রেখে চলে যাওয়া এক মায়ের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের ভরণ-পোষণ ও লেখাপড়া নিশ্চিত করতে মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর সোনাডাঙ্গা এলাকার গ্রামীণ আবাসিক এলাকায় ওই পরিবারের বাসায় যান প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি তিন শিশুর খোঁজখবর নেন, তাদের মায়ের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চরম অসহায়ত্বের মধ্যে ওই মা তিন সন্তানকে রেখে চলে যান। সম্প্রতি এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা বহু মানুষের হৃদয় ছুঁয়ে যায়। বিষয়টি নজরে আসার পর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওই মায়ের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে সাহস ও আশ্বাস দিয়ে সন্তানদের কাছে ফিরে আসতে উৎসাহিত করেন। পরে ওই মা সন্তানদের কাছে ফিরে আসেন।
পরিবারটির দুর্দশার চিত্র আরও হৃদয়বিদারক। জানা গেছে, ঋণের বোঝা থেকে মুক্তি পেতে ওই মা তাঁর জমজ দুই সন্তানকেও বিক্রি করে দিয়েছিলেন। বিবাহ বিচ্ছেদের পর শিশুদের বাবার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে চরম অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্য দিয়ে দিন কাটছিল পরিবারটির।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com