ইসমাইল হোসেন, পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মতিলাল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচারের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) আনুমানিক বেলা ১১টা ৪০ মিনিটে পোরশা উপজেলার দিয়ারাপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২৩০/১৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকা থেকে মতিলালকে আটক করা হয়।
আটক মতিলাল ভারতের মালদহ জেলার হবিবপুর থানার কাঁঠালবানপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নাইকি মুর্মু।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, মানবপাচারের উদ্দেশ্যে তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ রাসেল নামে এক বাংলাদেশি নাগরিক মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে ওই ব্যক্তির ঠিকানা এখনো জানা যায়নি।
বিজিবি সূত্র আরও জানায়, অভিযুক্ত বাংলাদেশি নাগরিকের বিষয়ে অনুসন্ধান ও তাকে আটকের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান নিতপুর বিওপি কমান্ডার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com