কুষ্টিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফর করবেন। এ সময় তিনি ১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দের জি কে সেচ প্রকল্পের খাল ও পাম্প সংস্কারকাজের উদ্বোধন করবেন। একই দিন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কর্মসূচিরও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কুষ্টিয়ায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এসময় জাকির হোসেন সরকার জানান, সফরের শুরুতে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার ঈদগাহ ময়দানসংলগ্ন জি কে খালের সংস্কারকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর তিনি যাবেন কুষ্টিয়া স্টেডিয়ামে। সেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।
একই সময়ে দেশের ৬৪টি উপজেলায় অনলাইনে এসব কর্মসূচির উদ্বোধন করা হবে। কুষ্টিয়া স্টেডিয়ামে উপস্থিত প্রায় এক হাজার সুবিধাভোগীর মধ্য থেকে পাঁচজন করে প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড ও সম্মাননা গ্রহণ করবেন।
জেলা বিএনপির এই শীর্ষ নেতা জানান, সমাজকল্যাণমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি কর্মসূচিতে কুষ্টিয়ার তিনটি আসনের বিরোধী দলের সংসদ সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে বিএনপির ১১টি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। চলছে প্রচার-প্রচারণাও। সফর ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ বিভিন্ন সরকারি সংস্থা। এদিকে কুষ্টিয়ার উন্নয়ন এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে জানান জাকির হোসেন সরকার।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুষ্টিয়া চিনিকল ও মোহিনী মিল পুনরায় চালু করা। এ ছাড়া কুমারখালীর তাঁত বোর্ডের ফ্যাসিলিটিজ অ্যান্ড সার্ভিসেস সেন্টার চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। বিটিএমসির লিকুইডেশন সেলে থাকা মোহিনী মিল ফিরিয়ে এনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। শহরের যানজট কমাতে এনএস রোডের ওপর দিয়ে রেললাইন এলিভেটেড করা এবং জেলায় একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবও তুলে ধরা হয়েছে। এসব প্রস্তাব পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি। এছাড়া মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাসুদ, সাধারন সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, জেলা ছাত্রদলের সভাপতি তসলিম উদ্দিন নিশাতসহ দলীয় নেতা-কর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার মানুষ নানা উন্নয়নবঞ্চনা ও নাগরিক সমস্যার মুখোমুখি। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের নতুন পথ তৈরি হবে। কুষ্টিয়া চিনিকল ও মোহিনী মিল পুনরায় চালু, যানজট নিরসন, জি কে সেচ প্রকল্পের সংস্কার এবং একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি।
এসব দাবি বাস্তবায়িত হলে কুষ্টিয়ার অর্থনীতি, কর্মসংস্থান ও শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আমরা চাই, দলমত-নির্বিশেষে কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। উন্নয়ন ও জনকল্যাণের প্রশ্নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com