উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছেন সীমান্তবর্তী এ জেলার মানুষ। এরই মধ্যে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগের দিন শনিবার (২৮ নভেম্বর) একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। রোববার সকাল ৯টায় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
এদিকে রাত ও ভোরে হিমেল বাতাসে শীতের অনুভূতি বেশি থাকছে। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও দিনমজুরদের পড়তে হচ্ছে বাড়তি ভোগান্তিতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
তাপমাত্রার এমন নিম্নগতিতে পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com