শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।
এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তানের জনক ছিলেন। এ ছাড়া পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তার বাবা ছিলেন মসজিদটির প্রতিষ্ঠাতা সভাপতি।
মরহুমের জানাজা আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তার নিজ পৈতৃক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com