খুলনা ব্যুরো : খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি, আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনে তৎপরতা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
প্রেসক্লাব সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচিত হওয়ার পর মোস্তফা সরোয়ারের বিভিন্ন কর্মকাণ্ড ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের পুনর্বাসনের প্রচেষ্টা নিয়ে সংগঠনের ভেতরে অসন্তোষ তৈরি হয়। এসব কারণে তাঁকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে মোস্তফা সরোয়ারকে ঘিরে খুলনার সাংবাদিক মহল, নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, ডুমুরিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সংগঠিত ও পুনর্বাসনের তৎপরতায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ইন্ধন এবং অর্থায়নের অভিযোগও তাঁর বিরুদ্ধে তুলেছেন কেউ কেউ।
অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পরও খুলনায় দলটির সাবেক নেতাকর্মীদের সংগঠিত করার তৎপরতা অব্যাহত রয়েছে। এ প্রক্রিয়ায় মোস্তফা সরোয়ার ভূমিকা রাখছেন বলে তাঁদের অভিযোগ। খুলনার কয়েকটি সন্ত্রাসী চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কয়েকজন নেতার অভিযোগ, মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের পরিবর্তে তাঁকে আড়াল করার চেষ্টা চলছে। এ নিয়ে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
তাঁদের মতে, খুলনা নগরী ও জেলার বিভিন্ন এলাকায় নাশকতা, সন্ত্রাস এবং অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করা প্রয়োজন। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের কারণে কেউ যেন আইনের আওতার বাইরে থাকতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সংশ্লিষ্ট মহল মনে করছে, সাংবাদিকদের পেশাগত সংগঠন খুলনা প্রেসক্লাবকে রাজনৈতিক বিতর্ক ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ থেকে মুক্ত রাখা জরুরি। মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
তবে মোস্তফা সরোয়ার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com