দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী এসেছেন।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং বাকি দুজন খুলনা ও সিলেট বিভাগে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০১ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৮ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ১১৭ জন, খুলনায় ৭৬ জন, ময়মনসিংহে ৬৭ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুর বিভাগে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৭ হাজার ১১৪ জন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com