মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে মার্শাল আর্ট ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন। এ লক্ষ্যে রাজধানী থেকে শুরু করে গ্রাম ও প্রান্তিক পর্যায় পর্যন্ত মার্শাল আর্ট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রতি সপ্তাহে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মাদকের বিস্তার শহর থেকে গ্রাম, স্কুল থেকে পাড়া-মহল্লা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এই মরণনেশা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে এনে মার্শাল আর্ট ও খেলাধুলার সঙ্গে যুক্ত করতে চান তারা।
তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ইনশা আল্লাহ, তারই একটি কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তী সময়ে মার্শাল আর্ট কনফেডারেশনের দায়িত্ব গ্রহণ করেছি।’
নতুন কমিটির তিনটি প্রধান লক্ষ্য তুলে ধরে ইশরাক বলেন, প্রথমত, অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে। এর মাধ্যমে আগামী দিনে অলিম্পিকে অংশগ্রহণ করে দেশের জন্য গৌরব বয়ে আনার লক্ষ্য রয়েছে। পাশাপাশি এশিয়ান গেমস ও সাউথ এশিয়ান গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের উপযোগী খেলোয়াড় তৈরি করা হবে।
তিনি বলেন, আগে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অধীনে ৩২টি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ৩২ ধরনের মার্শাল আর্টকে এগিয়ে নেওয়া হতো। তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দ্বিতীয় লক্ষ্য সম্পর্কে ইশরাক হোসেন বলেন, মার্শাল আর্টকে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিয়ে স্কুলপর্যায়ে নিয়ে যেতে চান তাঁরা। এ জন্য বছরব্যাপী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতি সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিযোগিতার আয়োজন করা হবে। এসব প্রতিযোগিতা সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, ডব্লিউডব্লিউই রেসলিং প্রতিযোগিতা যেভাবে বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে, তেমনিভাবে স্থানীয় পর্যায়ে মার্শাল আর্ট প্রতিযোগিতার একটি ব্র্যান্ড তৈরি করতে চান তাঁরা। এর মাধ্যমে নতুন প্রজন্ম ও স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে।
তৃতীয় লক্ষ্য হিসেবে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, মার্শাল আর্টের প্রসারের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সামাজিকভাবে মাদক সমস্যার বিরুদ্ধে ভূমিকা রাখতে চায় কনফেডারেশন। আগামী প্রজন্মকে বিপদের হাত থেকে রক্ষায় খেলাধুলার সঙ্গে তাদের যুক্ত করা জরুরি।
নতুন দায়িত্ব পাওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান ইশরাক। তিনি বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী দিনে নির্ধারিত লক্ষ্য অর্জনে তাঁরা সক্ষম হবেন বলে আশা করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ইশফাক হোসেন ,আয়োজক কমিটির চেয়ারম্যান বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান ও উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬’ উপলক্ষে এমএমএ, নারী এমএমএ, মুয়াই থাই, সাভাতে ও ভোভিনাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি কিয়োকুশিন-কান ব্রেকিং, লং স্টিক, নানচাকু, ডাবল চেইন স্টিক ও ইট ভাঙার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com