রাজধানীর আগারগাঁও সরকারি আবাসিক কলোনির অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
এই উদ্যোগের আওতায় কলোনির ঘরবাড়ি ও মসজিদ সংস্কার, রাস্তা মেরামত, জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।
গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের আমীর আবু সাঈদ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং ঢাকা-১২ আসনের উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক আতাউর রহমান সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিডব্লিউডি’র সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, শের-ই-বাংলা নগর থানা জামায়াতের সেক্রেটারি তারিফুল ইসলাম, শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হুসাইন, আব্দুজ জাওয়াদ, শামীম মন্ডল, হাসান আল বান্না ও জামায়াত নেতা আখতার হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া কলোনির বাসিন্দাদের মধ্যে ইঞ্জিনিয়ার হাসিবুল ইসলাম, ড. জাকির হোসেন, মোহাম্মদ আলী, নাজমুল হক ও এখতিয়ার হায়দার খান উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আবাসিক কলোনির বসবাসের পরিবেশ উন্নত করার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। সংস্কার কাজগুলো বাস্তবায়িত হলে কলোনির দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানের পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com