পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
আজ শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িবহরটি ঈশ্বরদীর উদ্দেশে যাত্রা শুরু করে।
এ নিয়ে চলতি বছরে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির মোট নয়টি চালান রূপপুর প্রকল্পে পৌঁছাল। এর আগে কয়েক দফায় বিশেষ কার্গো বিমানে এসব জ্বালানি ঢাকায় আনা হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সড়কপথে তা প্রকল্প এলাকায় নেওয়া হয়।
জ্বালানি পরিবহনের সময় ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত সড়কে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন স্থানে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে দুই দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। সর্বশেষ গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। এ সময় টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ছিল ৭ কোটি ৬ লাখ টাকা। পরে ২৪ নভেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
জাতীয় সঞ্চালন লাইন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। যদিও পরীক্ষামূলকভাবে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল, তবে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত থাকে। এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কেন্দ্রটির প্রথম ইউনিট।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহের সময় বিভিন্ন পরিচালনগত বিষয়, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্বিতীয় দফার পরীক্ষা শেষে ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পরীক্ষামূলকভাবে দুই দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। দুটি ইউনিট নিয়ে নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com