দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় গড়ে তোলা ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর মাধ্যমে তাঁর এই অর্জন।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।
সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত তাঁর প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে অবদান রেখে আসছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশু নিয়ে গড়ে তোলা এই খামার তাঁর কৃষি উদ্যোক্তা পরিচয়েরই প্রতিফলন।
খামার পরিচালনায় অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা পেয়েছেন আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গ্রহণ করেছেন সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি শুধু ব্যক্তিগত অর্জনের কথা বলেননি; বরং দেশের খামারিদের বাস্তব সমস্যা ও সম্ভাবনার বিষয়টিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর কাছে খামারিদের জন্য প্রণোদনা ও সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
একজন মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন আর অন্যদিকে একজন খামারি হিসেবে কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ দুটি ভিন্ন পরিচয়ের সমন্বয়ে আরিফুল হক চৌধুরীর এই অর্জন নিঃসন্দেহে ব্যতিক্রমী।
বিশেষ করে সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যেও নতুন উৎসাহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী হিসেবে নয়, একজন খামারি হিসেবে অর্জিত এই স্বীকৃতি আরিফুল হক চৌধুরীর জীবনের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com